২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অতি সহসাই বাজারে আসবে টেশিসের ল্যাপটপ'

টেলিযোগাযোগমন্ত্রী সংসদকে জানিয়েছেন, অতি সহসাই টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) উৎপাদিত ল্যাপটপ বাজারজাত করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগমন্ত্রী সংসদকে জানিয়েছেন, অতি সহসাই টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) উৎপাদিত ল্যাপটপ বাজারজাত করা সম্ভব হবে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর অনুপস্থিতিতে সংসদকে এ কথা জানান বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। লিখিত উত্তরে মন্ত্রী জানান, গত ১০ বছর টেশিস একটি অ-লাভজনক সরকারি প্রতিষ্ঠান ছিল। এটিকে লাভজনক করতে বর্তমান সরকার ক্ষমতায় এসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে কলার আইডি (পিএসটিএন) টেলিফোন সেট, মোবাইল ব্যাটারি ও চার্জার উৎপাদন, ডিজিটাল মিটার সংযোজন করে এরই মধ্যে বাজারজাতকরণ শুরু হয়েছে। এছাড়া ল্যাপটপ, মোবাইল সেট, মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি এবং সোলার প্যানেল সংযোজন ও উৎপাদনের কাজ হাতে নেওয়া হয়েছে। "অতি সহসাই ল্যাপটপ বাজারজাত সম্ভবপর হবে।" তিনি জানান, টেশিসের নিজস্ব কোনো পুঁজি নেই। সুলতানা বুলবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডাক অধিদফতর একটি অলাভজনক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বিষয়টি বিবেচনা করে সেবার মান উন্নত করে লোকসানের হার কমিয়ে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। "গত ৫ বছরের ঘটনা প্রবাহ থেকে দেখা যায়, লোকসান ১৪২ কোটি টাকা থেকে ৯৪ কোটিতে নেমে এসেছে। আগামী ২/১ বছরে এটি আরও লাভজনক হবে। তিনি জানান, বর্তমানে এক হাজার পাঁচশ ৫০টি ডাকঘরে ইলেকট্রনিক মানি ট্রান্সফার চালু রয়েছে।" মোশতাক আহমেদ রুহীর এক প্রশ্নের জাবাবে মন্ত্রী জানান, পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের আওতায় দেশের আট হাজার পাঁচশ' ডাকঘর এবং পাঁচশটি উপজেলা ডাকঘরকে ই-সেন্টারে রূপান্তর করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২০১ ঘ.