ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেওয়ায় ১০ জন সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ১০ জন মুজিব নগর সরকারের কর্মচারি না হয়েও এ পরিচয়ে চাকরি নিয়েছিলেন।
এতে বলা হয়, ১৯৮৫ সালের সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(ডি) মোতাবেক তাদেরকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো।
এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এতে অভিযুক্তরা তাদের পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি প্রদর্শন করতে পারেননি।
বরখাস্তকৃত ১০ জন হলেন- বরিশালের চাখারের মোহাম্মদ ফারুক, ফেনীর লেমুয়ার মো. মোরশেদুর রহমান, জামালপুরের বকশিগঞ্জের কামরুল আহসান, জামালপুরের ইসলামপুরের মো. সবুর হোসেন খান, নীলফামারীর কিশোরগঞ্জের মো. শফিকুল ইসলাম সরকার, দিনাজপুরের বোঁচাগঞ্জের মো. আফছার আলী, নওগাঁর ধামইরহাটের মো. লিয়াকত হোসেন, ঝালকাঠির রাজাপুরের মো. নুরুজ্জামান হাওলাদার, শরীয়তপুরের জাজিরার কাজী নজরুল ইসলাম ও মাগুরার শালিখার মো. আবুল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/১৮৫৫ ঘ.
bdnews24