২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে এইচআইভি আক্রান্ত একজন সনাক্ত

কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ এইচআইভি আক্রান্ত এক ব্যক্তিকে সনাক্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

কুড়িগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ এইচআইভি আক্রান্ত এক ব্যক্তিকে সনাক্ত করেছে। পরে তাকে ঢাকায় আন্তর্জাতিক উদারাময় গবেষণা ইনস্টিটিউটে (আইসিডিডিআরবি) পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. নজরুল ইসলাম জানান, ওই ব্যক্তি রোববার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার তার দেহে এইডস রোগের ভাইরাস ধরা পড়ে। ডা. নজরুল ইসলাম জানান, সন্দেহ হওয়ায় রোগীর বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। সোমবার সকালে সবক'টি পরীক্ষার ফলাফলে এইচআইভির উপস্থিতি ধরা পড়ে। উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য দুপুর ১২টার দিকে তাকে আইসিডিডিআরবি-ভিসিডি সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। বিকালের দিকে ওই ব্যক্তিকে নিয়ে পরিবারের লোকজন ঢাকায় রওনা হয়েছে বলে জানান ডা. নজরুল ইসলাম। আক্রান্ত ব্যক্তি কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তার বয়স ৩৫ বছর। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক। ওই ব্যক্তির ভাই ও স্ত্রী কুড়িগ্রাম হাসপাতালে সাংবাদিকদের জানান, সে প্রায় ১৫ বছর আগে কাজের সন্ধানে ভারতে যায়। ভারতের উরিষ্যা রাজ্যে সে ফেরিওয়ালার কাজ করতো। সেখানেই সে বিয়ে করে। এক সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় সে স্ত্রী-সন্তানসহ ভারত থেকে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে। এক দিন সে পার্বতীপুরে অবস্থান করে। পরদিন রংপুরে একজন চিকিৎসককে দেখালে তিনি কিছু ঔষধ লিখে স্থানীয় হাসপাতালে ভর্তি হতে বলেন। রোগীর পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি না করে গ্রামের বাড়ি নিয়ে আসে। বাড়িতে অবস্থার অবনতি হলে মারাত্মক অসুস্থ অবস্থায় রোববার সকালে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডা. নজরুল ইসলাম জানান, রোববার সকালে ১১টার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের মধ্যে তার রোগ নিয়ে সন্দেহ দেখা দেয়। তার সঙ্গে থাকা ভারতে চিকিৎসার কাগজপত্রে এইচআইভি পজিটিভ উল্লেখ রয়েছে। ফলে কয়েক দফা তার রক্ত পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হয়। তার স্ত্রী ও সন্তানরা আক্রান্ত কী না তা নিশ্চিত হতে তাদেরকে আইসিডিডিআরবি-ভিসিডি সেন্টারে পাঠানো হয়েছে। ডা. নজরুল ইসলাম জানান আরো জানান, বিষয়টি নিয়ে যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় তার জন্য কুড়িগ্রামে স্বাস্থ্যকর্মীদের সতর্ক রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪৬ ঘ.