২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গুলিতে আনসার নিহত

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ৩টার দিকে গেন্ডারিয়ার সিটি ওভার সিএনজি পাম্পের সামনে আনসার সদস্য সাইদুর রহমানকে (২২) গুলি করে সন্ত্রাসীরা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। সিএনজি পাম্পের কর্মচারী প্রত্যক্ষদর্শী মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পায়ে হেঁটে ৫-৬ জন সন্ত্রাসী সিএনজি পাম্পের কাছে এসে এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় পাম্পে কর্মরত সাইদুরও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি সাইদুরের বাম পাজরে লাগে। যাত্রাবাড়ি থানার ওসি আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনসার সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলি হয়। পাম্পটির পরিচালক আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই মাস আগে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছে ফোনে ডাকাত শহীদের নামে চাঁদা দাবি করা হয়। ধারণা করা হচ্ছে চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিলো বলে জানান তিনি। চলতি বছরের ১২ মার্চ আনিসুর রহমান (৩৫) নামে আরেক আনসার সদস্য সূত্রাপুরের প্যারিদাস সড়কে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএ/১৬৫১ ঘ.