চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপেন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেছে তার মা ও সহপাঠীরা।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হিমেলের মা পাপিয়া সেন বলেন, পিকনিকে যাওয়ার কথা বলে বান্দরবানে নিয়ে গিয়ে সুপেনকে হত্যা করা হয়।
পারিবারিক সম্পদ দখলের উদ্দেশ্যে তার একমাত্র ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
একই উপায়ে ২০০৬ সালে তার স্বামী রেলওয়ের সাবেক কর্মকর্তা সুশীল কুমার দাশকেও হত্যা করা হয় দাবি করে পাপিয়া সেন বলেন, সন্তানদের ভবিষ্যত চিন্তা করে তখন স্বামী হত্যার বিচার চাননি।
হিমেল হত্যাকাণ্ডে তার চাচা সুনীল দাশ জড়িত রয়েছে বলে দাবি করেন তিনি।
বিষয়টি হিমেলের সহপাঠী সোহেল ও তার ভগ্নিপতি মাহমুদুল ইসলাম স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, গত ১১ মে ডবলমুরিং থানায় সাধারণ ডায়রি করার পর মাহমুদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বলেন, সুনীল দাশ খুনীদের ভাড়া করেছে বলে মাহমুদুল স্বীকার করেছে।
গত ৮ মে বান্দরবান বেড়াতে যাওয়ার কথা বলে হিমেল বাসা থেকে বের হয়। পরের দিন থেকে সে আর বাসায় যোগাযোগ করে নি।
গত ১২ মে প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে হিমেল।
ডবলমুরিং থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ মে বান্দরবানের দুর্গম পার্বত্য এলাকা থেকে সুপেনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামে হিমেলের বাড়ি। তার মা পাপিয়া সেন পটিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএম/কেএমএস/১৬৩৯ ঘ.
bdnews24