ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক, আইডিবি ও জাপানের পর এবার এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের ঋণচুক্তি হয়েছে। দেশের দীর্ঘতম এ সেতু নির্মাণে এডিবি ৬১ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছে।
সোমবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ ঋণচুক্তি সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূইয়া ও ঢাকায় এডিবির আবাসিক পরিচালক থিবা কুমার কান্দিয়াহ।
২৯০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য পদ্মা সেতুর জন্য ১২০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। জাপান দিচ্ছে ৪১ কোটি ৫০ লাখ ডলার। আইডিবি দিচ্ছে ১৪ কোটি ডলার। বাকি অর্থ দেবে বাংলাদেশ সরকার।
২০১৪ সালের জানুয়ারিতে এ সরকারের মেয়াদ শেষের আগেই পদ্মা সেতু নির্মাণের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে হাত দেয়। প্রধান সেতুর নকশা এরই মধ্যে তৈরি হয়েছে। নদী ব্যবস্থাপনা এবং সেতুর দু'পাশের রাস্তার নকশাও তৈরি হয়েছে।
নদীর ওপর সেতুর মূল দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলোমিটার, দুই পাশে সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২ কিলোমিটার।
এ সেতু এশিয়ার দীর্ঘতম সেতু হতে চলেছে বলে পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম ইতোপূর্বে জানিয়েছেন।
বলা হচ্ছে, পদ্মা সেতুর নির্মিত হওয়ার পর জিডিপি ১ দশমিক ২ শতাংশ বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৪৫০ ঘ.
bdnews24