ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ধ থাকা বেসরকারি পাটকল এবং রেশন ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে পাটকল শ্রমিকরা। বেসরকারি পাটকলের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবিও জানিয়েছে তারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ দাবি জানায়।
বাংলাদেশ ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রকল (সিবিএ-নন সিবিএ) সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। পরিষদের আহ্বায়ক হেদায়েতুল ইসলাম এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পাটকলের মতো বেসরকারি পাটকলের ঋণ মওকুফ ও ঋণ পুন:তফসিলিকরণের সুযোগ, ভাড়ায় অথবা আংশিকভাবে চালু পাটকলগুলো পুরোনো মালিকের নিয়ন্ত্রণে পুনরায় চালু করা, পাটশিল্পকে কৃষি শিল্প ঘোষণা ও বাস্তবায়ন এবং এ শিল্পে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
লিখিত বক্তব্যে আহ্বায়ক হেদায়েতুল ইসলাম বলেন, "সরকারি ও বেসরকারি মালিকানায় পরিচালিত ২০৩টি পাটকল থেকে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে প্রত্যেক বছর প্রায় চার হাজার কোটি টাকা আয় হচ্ছে। এর মধ্যে ৮৩ শতাংশ আয়ই হচ্ছে বেসরকারি মালিকানার পাটকল থেকে। বাকি ১৭ শতাংশ সরকার নিয়ন্ত্রিত পাটকল থেকে।"
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ৮৩ শতাংশ আয়ের সঙ্গে জড়িত দেশের ১৮০টি বেসরকারি মালিকানার পাটকল অর্থের অভাবে সময়মতো পাট কিনতে ও শ্রমিকদের মজুরি দিতে পারছে না। অথচ সরকার বিজেএমসি'র মাত্র ২২টি পাটকলের হাজার কোটি টাকার ঋণ মওকুফ করে দিচ্ছে। এতে বেসরকারি মালিকানার পাটকল শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।
এ শিল্পে কর্মরত প্রায় পাঁচ লাখ শ্রমিক ও এর সুবিধাভোগী তিন কোটি মানুষের কল্যাণে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান হেদায়েতুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫২২ ঘ.
bdnews24