২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শনিবার ইউপি নির্বাচন শুরু

সন্দ্বীপ উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণের মধ্য দিয়ে শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দ্বীপ উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণের মধ্য দিয়ে শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন আয়োজিত দ্বিতীয় দফার এই নির্বাচনে চট্টগ্রাম বিভাগের ১৪টি উপজেলার ১৭৯টি ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে। ৫ জুলাই দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে। শনিবার সন্দ্বীপের আমানউল্লাহ, উড়িরচর, সন্তোষপুর, গাছুয়া, হারামিয়া, মগধরা, মাইটবাঙ্গা, সারিকাইত, মুছাপুর বাউরিয়া, আজিমপুর, রহমতপুর এবং হরিশপুর ইউনিয়নে ভোট হবে। এসব ইউনিয়নে ভোটার রয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩০০ জন। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। তিনি বলেন, সন্দ্বীপের নির্বাচন কর্মকর্তার কাছে গত বুধবার ব্যালট বাক্স ও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। কর্মকর্তার দপ্তর থেকে শুক্রবার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ ও সীতাকুন্ডের ৯টি ইউনিয়নে ৭ জুন, ফটিকছড়ির ১৭টিতে ১১ জুন, হাটহাজারীর ১৫টিতে ১৪ জুন, রাউজানের ১৪টিতে ১৮ জুন, রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়নে ২১ জুন, বোয়ালখালীর ১০টি ও চন্দনাইশের ৯টিতে ২৫ জুন, পটিয়ার ২২টিতে ২৮ জুন, লোহাগড়ায় ৬ ও সাতকানিয়ায় ১৭টিতে ২ জুলাই, আনোয়ারার ১১টিতে ও বাঁশাখালীর ১৪টি ইউনিয়ন পরিষদে ৫ জুলাই এ নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএইচ/জেকে/২৩০০ ঘ.