চাঁদপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফলাফল শিট ছিঁড়ে ফেলায় চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত করেছে প্রশাসন।
বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ জানান, ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরকোড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল নিয়ে রাত ২টায় প্রিসাইডিং অফিসার উপজেলা পরিষদে পৌঁছেন।
এ সময় একজন চেয়ারম্যান পদপ্রার্থী সমর্থক স্থানীয় এক প্রভাবশালী নেতা ফলাফল শিট প্রিসাইডিং অফিসারের কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন।
এ সময় দু'পক্ষের লোকজন মুখোমুুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে তিনি নিজে (আব্দুর রউফ), অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আমির জাফর পুলিশ ও র্যাব নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
আবদুর রউফ আরো বলেন, ফলাফল শিট ছিঁড়ে ফেলার বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপাতত ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৪ ঘ.
bdnews24