রংপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজে ছাত্র শিবির নেতাদের নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লাঠি, লোহার রড, সাইকেলের চেইন, পাথর, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি বই ও পোস্টার উদ্ধার করা হয়েছে ।
শুক্রবার দুপুরে কলেজের ওসমানী ছাত্রাবাস থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান কোতয়ালী থানার ওসি হায়দার আলী মোল্লা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিকে দুপুর ২টার দিকে ছাত্রাবাসের ৬টি কক্ষে অভিযান চালানো হয়।
সেখান থেকে প্রায় সাড়ে ৩শ লাঠি, বিপুল পরিমাণ লোহার রড, সাইকেলের চেইন ও পাথর উদ্ধার করা হয়।
তিনি জানান, এই কক্ষগুলোতে ছাত্র শিবির নেতারা থাকে। সেখান থেকে নিজামী, মুজাহিদের মুক্তির দাবি সম্বলিত পোষ্টার এবং জঙ্গি বই-পুস্তক উদ্ধার করা হয়েছে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীপ কেন্দ্র নাথ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৫ মার্চ শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কলেজের সকল ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনার পর থেকে শিবির ক্যাডারা বেশ কিছু দিন ধরে তাকে ওসমানী ছাত্রাবাস ও অন্যান্য হল খুলে দেবার জন্য চাপ দিয়ে আসছিলো।
অধ্যক্ষ জানান, বৃহস্পতিবার শিবিরের কয়েকজন নেতা তার সাথে দেখা করে ২৪ ঘণ্টার মধ্যে হলগুলো খুলে দেওয়ার জন্য আলটিমেটাম দেয়। অন্যথায় দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়।
শিবির ক্যাডাররা বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতির অংশ হিসেবে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মালামাল মজুত করে রেখেছিলো বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭০০ ঘ.
bdnews24