বরগুনা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে বরগুনায় বড় ভাইকে গলা টিপে মেরে ফেলেছে ছোট ভাই।
শুক্রবার সকালে সদর উপজেলার আমতলী-নিমতলী গ্রামের আবুল কালাম আজাদ খানকে (৫৫) তার ছোট ভাই আবু জাফর খান (৪৬) গলা টিপে মেরে ফেলে।
এ ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরগুনা থানার ওসি আবদুল খালেক হাওলাদার জানান।
এই দুই ভাইয়ের চাচাত বোন প্রত্যক্ষদর্শী মুন্নী আক্তার জানান, আবুল কালাম এবং আবু জাফরের পিতা আবদুল জব্বার খান তার সন্তানদের মাঝে সম্পত্তি ভাগ করে দিয়েছেন। সম্পত্তি ভাগ-বাটোয়ারার পরে আবুল কালামকে বাড়ি থেকে সরিয়ে দিলে তিনি অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন।
কিন্তু পৈত্রিক বাড়িতে তার বসত ঘর ছিল। ছোট ভাই আবু জাফর ঘরটি ভাঙ্গার চেষ্টা চালালে খবর পেয়ে আবুল কালাম এসে বাধা দেন।
এ নিয়ে ঝগড়া ও হাতাহাতির এক পর্যায়ে আবু জাফর তার বড় ভাই আবুল কালামকে মাটিতে ফেলে বুকের ওপরে বসে গলা টিপে ধরে। এতে আবুল কালামের মৃত্যু ঘটে।
পুলিশ এসে আবু জাফরকে গ্রেপ্তার করেছে।
ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৩৪০ ঘ.
bdnews24