২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচন শিবচরে সংঘর্ষের ঘটনায় মামলা, ১২ শ' আসামি

মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের সঙ্গে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ১২ শ' জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 07:03 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

মাদারীপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের সঙ্গে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ১২ শ' জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শিবচর থানার এসআই মাহবুবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় এ মামলা দায়ের করেন। শিবচর থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার রাতে বন্দরখোলা ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার মুহূর্তে ৬ নম্বর ওয়ার্ডের আছিমবেপারিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হয়। দুই প্রার্থী নবেল সিকদার ও তোফাজ্জেল হোসেন তোতা মিয়ার নেতৃত্বে তাদের সমর্থকরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে উভয় পক্ষের সমর্থকদের ব্যাপক সংর্ঘষ হয়। হামলাকারীরা পুলিশ বহনকারী চারটি গাড়িও ভাঙচুর করে বলে ওসি জানান। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ওসি বলেন, "এই ঘটনায় দুই প্রার্থীসহ প্রায় ১২ শ' জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৫৯ ঘ.