২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু শুক্রবার

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের একশ ২৮টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রীদের দল ৫০টি। ছাত্র-ছাত্রী সম্মিলিত দল ৭৮টি। প্রথম দিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ছাত্রীদের দলগুলোর প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে। এটি শুধু ছাত্রীদের অংশগ্রহণে দেশের প্রথম প্রোগ্রামিং প্রতিযোগিতা বলে জানিয়েছেন আয়োজকরা। দ্বিতীয় দিন শনিবার একই সময়ে অনুষ্ঠিত হবে সম্মিলিত দলগুলোর প্রোগ্রামিং প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক সুরাইয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিযোগিতায় প্রোগ্রামিংয়ের কিছু সমস্যা দেওয়া থাকবে। অংশগ্রহণকারীরা বিরামহীন পাঁচ ঘণ্টায় এ সমস্যাগুলো সমাধান করবে।" শুক্রবার সকাল ৯টায় বিভাগের অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২০ ঘ.