২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা

কমিটির বৈঠকে উপস্থিত না থাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিটির বৈঠকে উপস্থিত না থাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার বৈঠকে সংশ্লিষ্ট সচিবকে এ নির্দেশনা দেওয়া হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে সভাপতিত্ব করেন। এর আগে সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের দরপত্র নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নতুন দরপত্র আহ্বান ছাড়া ঠিকাদারকে ২৭ কোটি টাকা পরিশোধ করায় আর্থিক ক্ষতি হওয়ায় উত্থাপিত অডিট আপত্তির বিষয়ে কমিটির পক্ষ থেকে যোগাযোগ মন্ত্রণালয়, আইএমইডি ও সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে প্রতিনিধি নিয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার সুপারিশ করা হয় । বৈঠকে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে পিপিআর-২০০৩ এর প্রবিধান লঙ্ঘনপূর্বক ৩৮ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার টাকা পরিশোধ মর্মে উত্থাপিত অডিট আপত্তির বিষয়ে কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব, আইএমইডি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি নিয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের দায় দায়িত্ব নির্ধারণপূর্বক ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার সুপারিশ করা হয় । ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের কার্যসম্পাদনে ব্যর্থতার জন্য চুক্তি বাতিল করা সত্ত্বেও মবিলাইজেশন অগ্রিম হিসেবে প্রদত্ত অর্থ আদায় না করায় এক কোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকা ক্ষতি মর্মে উত্থাপিত অডিট আপত্তির বিষয়ে কমিটির পক্ষ থেকে মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়। কমিটির সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, মো. আব্দুস শহীদ, টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, খান টিপু সুলতান এবং নারায়ন চন্দ্র চন্দ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/এমএইচসি/পিডি/২১০৭ ঘ.