নাটোর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর ও সিংড়া থানায় প্রতিপক্ষের হামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীসহ দুজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে উপজেলার মমিনপুর খাঁপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক এবং বিদ্রোহী প্রার্থী তোফায়েল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবু বক্কর সিদ্দিক আহত হন। সংঘর্ষের সময় তার মটর সাইকেল ভাংচুর করা হয়েছে।
এ ঘটনায় উভয় প্রার্থী লালপুর থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সিংড়া থানার ওসি কেএম ফয়জার রহমান জানান, বুধবার রাত ১২টার দিকে রামানন্দখাজুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাচরণা চালানোর সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুলতান উদ্দিনের সমর্থকরা প্রতিপক্ষ তপন কুমারের সমর্থক ভবেন সরদারকে মারপিট করে। রাত ২টার দিকে পুলিশের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি বলেন, এ ব্যাপারে তপন কুমারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাধররা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন শুরু করেছে।
এ ব্যাপারে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৭৫৩ ঘ.
bdnews24