২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট জালিয়াত চক্রের সন্ধান মোহাম্মদপুরে

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পাসপোর্ট জালিয়াত চক্রের একটি আস্তানা খুঁজে পেয়েছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পাসপোর্ট জালিয়াত চক্রের একটি আস্তানা খুঁজে পেয়েছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। র‌্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের মোহাম্মদীয় হাউজিংয়ের ওই বাসা থেকে দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি সাড়ে তিনশ পাসপোর্ট এবং ভিসা ও পাসপোর্ট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সিলও উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর হোসেন বাবু (৩০) ও তার বোন রোকসানা চৌধুরী (৩৯)। র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর আব্দুল মালেক এক সংবাদ সম্মেলনে বলেন, এ চক্রটি দালালদের মাধ্যমে পাসপোর্ট জোগাড় করে এক ধরনের তরল পদার্থ দিয়ে পাসপোর্টে থাকা আসল নাম মুছে অন্য নাম জুড়ে দিতো। এছাড়া পাসপোর্টে থাকা ভিসার পাতাটি ছিড়ে কৌশলে আরেকটি পাসপোর্টে লাগাতো। র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান উদ্দিনের নেতৃত্বে একটি দল ৬ নম্বর সড়কের ওই বাসায় অভিযান চালায়। উদ্ধার করা হয় ৩৫৭টি পাসপোর্ট, বিভিন্ন দেশের ৩৮টি ভিসার সিল লাগানো পাসপোর্টের ছেড়া পাতা, পাসপোর্ট অধিদপ্তরের এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিল, লেখা মোছার রাসায়নিক ইত্যাদি। র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী রেজা খোন্দকার বলেন, বাবু ও রোখসানা দীর্ঘদিন ধরে একটি দালাল চক্রের মাধ্যমে সাধারণ মানুষের পাসপোর্ট নিয়ে নাম পরিবর্তন এবং জাল ভিসা লাগিয়ে প্রতারণা চালিয়ে আসছিলো। গ্রেপ্তারকৃত আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, একটি পাসপোর্টের জন্য ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দালালদের কাছ থেকে তিনি পান। তবে রোখসানা এর সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ভাইয়ের সঙ্গে থাকেন। তবে র‌্যাব বলছে, ভাইকে সঙ্গে নিয়ে রোকসানা এ ব্যবসা চালিয়ে আসছে। স্বামীর সঙ্গে দুই বার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কথা অবশ্য রোকসানা স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪৩০ ঘ.