কুমিল্লা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতা অপব্যবহারের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি জহিরুল ইসলাম খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আলাদত।
দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ জজ আদালতের বিচারক নাসির উদ্দিন এ পরোয়ানা জারি করেন।
কমিশনের কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মোর্শেদ আলম সকালেই এ আদালতে মামলাটি করেন।
মোর্শেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার উপপরিদর্শক রুহুল আমিন (বর্তমানে চট্টগ্রামের সাতকানিয়া থানায় কর্মরত) উপজেলার পানিয়ারুপ গ্রামের শাহানা আক্তারের কাছ একটি মামলার তদন্তের সময় ৬৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করে। দুদকের তদন্তে এ ঘটনা প্রমাণিত হয়।
তিনি বলেন, রুহুল আমিনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য দুদক কসবা থানার তৎকালীন ওসি জহিরুল ইসলাম খানের (বর্তমানে সরাইল থানার ওসি) কাছে কাগজ-পত্র পাঠায় ।
কিন্তু ওসি জহিরুল 'অবৈধভাবে লাভবান হয়ে' রুহুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেনি। এ অভিযোগে দুদক জহিরুলের বিরুদ্ধে আদালতে মামলা করে বলে জানান মোর্শেদ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪১০ ঘ.
bdnews24