কিশোরগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার দানাপাটুলি ইউনিয়নে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সদর উপজেলার ১১টি ইউনিয়নে গত ৩১ মে ভোটগ্রহণ হয়েছে। ৩ নম্বর ওয়ার্ড থেকে বেসরকারিভাবে মো. আজিজ মিয়া নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী মুক্তার আলীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আজিজ মিয়ার সমর্থকদের সঙ্গে স্থানীয় বাজারে মুক্তার আলীর সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতন্ডা থেকে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত আবু নেছা (৬৫) ও সুরুজ আলীকে (৫৬) কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান এ ব্যাপারে মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩১১ ঘ.
bdnews24