ফেনী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাতের ধারালো অস্ত্রে দুজন আহত হওয়ার পর গণপিটুনিতে নিহত হয়েছে এক ডাকাত।
বুধবার রাতে পশ্চিম চরে দরবেশ হামিদ আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জসিম উদ্দিন (২৮) একই উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামের বাসিন্দা।
সোনাগাজী থানার ওসি খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২/১৩ জন ডাকাত প্রবাসী সিরাজুল হকের ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল সেটসহ প্রায় ৩ লাখ টাকার মাল লুটে নেয়।
ডাকাতরা সিরাজুল ও তার ছেলে ইমাম হোসেনকে কুপিয়ে আহত করে।
ডাকাতরা পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে জসিমকে ধরে ব্যাপক মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ওসি জানান।
ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহত সিরাজুল ও ইমামও ওই হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১১২০ ঘ.
bdnews24