চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত 'সিরিয়াল কিলার' রসু খাঁর বিরুদ্ধে আদালতে সাক্ষীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পিপি মোহাম্মদ আইয়ুব। অবশ্য আদালতের পুলিশ কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।
চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত মাশরুরা খাতুন নামে এক নারীকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ছিলো বুধবার। এদিন তিনজনের সাক্ষ্য নেওয়া হয়।
মোহাম্মদ আইয়ুব জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিহতের বাবা মাহবুবুর রহমান, দুই চাচা শফিকুল ইসলাম ও ছানোয়ার হোসেনের সাক্ষ্য নেওয়া হয়।
তিনি বলেন, "সাক্ষ্য নেওয়ার সময় রসু খাঁ সাক্ষীদের সঙ্গে অশোভন আচরণ এবং গালিগালাজ করতে থাকেন। পরে আদালতের এজলাস থেকে বের করে নিয়ে যাওয়ার সময় রসু ছানোয়ারের ওপর চড়াও হয়। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।"
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. মাঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের কোনো ঘটনার খবর আমার জানা নেই।"
আগামী ৬ জুন এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য হয়েছে।
২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০০৯ সাল পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে নৃশংসভাবে হত্যার শিকার জাহানারা বেগম, রুনা বেগম, মাসরুরা খাতুন, পারভীন বেগম, শাহানারা খাতুন ও পপির লাশ উদ্ধার করা হয়। পুলিশ সে সময় নিহত নারীদের পরিচয় উদঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় প্রতিটি মামলায় লাশ অজ্ঞাতপরিচয় দেখিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিলো।
২০০৯ সালের ২০ জুলাই মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে রসু খাঁ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর একে একে খুলতে থাকে এসব হত্যা মামলার রহস্যজট। পরে তার বিরুদ্ধে ১১ নারীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলের নির্দেশে বর্তমানে ছয়টি মামলা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/পিডি/১৯২৬ ঘ.
bdnews24