বরিশাল, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নে সোমবার রাতে ডাকাতের হামলায় এক পরিবারের ছয়জন আহত হয়েছে।
এরমধ্যে গুলিবিদ্ধ প্রণয় বিশ্বাসকে মঙ্গলবার বিকালে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া বিনয় বিশ্বাস, সুধাংশ বিশ্বাস, কৃষ্ণ ও বিথীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একজনের নাম জানা যায়নি।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা প্রণয় বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে প্রথমে সিঁদকেটে এক ডাকাত ঘরে ঢোকে। পরে সে দরজা খুলে দিলে ঢোকে আরো ১০-১২ জন।
তারা অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের লোকজনকে বেঁধে মারধর করে ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত দুইলাখ টাকার মালামাল লুট করে।
পালানোর সময় তারা চিৎকার করলে ডাকাতরা গুলি চালায়।
বাকেরগঞ্জ থানার ওসি রবিউল ইসলাম ডাকাতি ও হামলার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩১ ঘ.
bdnews24