ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রের ভাস্কর্যের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটি বলেছে, এগুলো দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সম্ভব নয়। তাই ইতিহাস উঠে আসে এমন ভাস্কর্য স্থাপন করতে হবে।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম বীর উত্তম বৈঠকে সভাপতিত্ব করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র স্থাপনের জন্য নির্মিত বিভিন্ন ভাস্কর্যের মান সম্পর্কে কমিটিতে অসন্তোষ প্রকাশ করা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণের খসড়া নীতিমালা কমিটিতে উপস্থাপিত হলে এ বিষয়ে জনমত গ্রহণ ও সুপরিচিত মুক্তিযোদ্ধার প্রস্তাবিত স্থান বিবেচনার সুপারিশ করা হয়।
কমিটি সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, শামসুর রহমান শরীফ, ওয়ারেসাত হোসেন বেলাল ও রুবী রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৩৫ ঘ.
bdnews24