২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনার হামলা মামলায় সাক্ষ্যগ্রহণ ফের পেছালো

রমনা বটমূলে বোমা হামলা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ আবার পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বোমা হামলা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ আবার পিছিয়েছে। রাষ্ট্রপক্ষ গত এক বছরে একজন সাক্ষীও হাজির করতে না পারায় আদালত আগামী ৩০ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছে। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফজিলা বেগম এ তারিখ ধার্য করেন। মামলাটি গত বছরের ২৪ মে দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে পাঠানো হয়। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। ঘটনার পর পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। ঘটনার ৮ বছর পর ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি হ্ান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। অপর ১৩ আসামি হলেন- আরিফ হাসান সুমন, মাওলানা আকবর হোসেন, শাহাদাত উল্লা জুয়েল, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুর রউফ, মাওলানা মো. তাজউদ্দিন, মাওলানা সাব্বির, মাওলানা শওকাত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফিজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, হাফেজ মাওলানা ইয়াহিয়া ও মুফতি আব্দুল হাই। আসামিদের মধ্যে জামিনে আছেন মাওলানা আকবর হোসেন। মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লা জুয়েল, মাওলানা আবু তাহের ও মাওলানা আব্দুর রউফ কারাগারে আটক আছেন। বাকিরা এখনও পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০১৯ ঘ.