ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেভাবেই মানুষের মৃত্যু হোক না কেন সে সংক্রান্ত তথ্য অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশনকে দিতে হবে- বলেছেন এর চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান।
এধরনের মৃত্যুর তথ্য পাঠাতে কিছু দিনের মধ্যেই প্রত্যেকটি বাহিনীর কাছে কমিশন চিঠি পাঠাবে বলেও তিনি জানান।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিলিফ ইন্টারন্যাশনাল আয়োজিত 'বাংলাদেশের মানবাধিকারের জন্য স্বচ্ছতা প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিজান বলেন, "ক্রসফায়ার, এনকাউন্টার বা র্যাব-পুলিশের হেফাজতে যেকোনোভাবেই কারো মৃত্যু হলে এর তথ্য কমিশনকে দিতে হবে। আর মানবাধিকার কমিশন আইন অনুযায়ী এই তথ্য চাওয়ার অধিকার কমিশনের রয়েছে।"
কমিশনের পরবর্তী সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু কলেজ ছাত্র লিমন হোসেন সম্পর্কে কমিশনের চেয়ারম্যান বলেন, "লিমন সন্ত্রাসী কি-না তা মানবাধিকার কমশিনের দেখার বিষয় নয়। মানবাধিকার কমিশন এটা দেখবে যে, লিমনের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করছে কি না।"
গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের গুলিতে আহত হয় লিমন। গুলিবিদ্ধ লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়।
লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি গণমাধ্যমে উঠে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বিভিন্ন মহলের সমালোচনার মুখে গত ১১ এপ্রিল খোদ র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছিলেন, লিমন অবস্থার শিকার হতে পারে। সে দুর্ঘটনার শিকারও হতে পারে।
ঘটনার দিনই র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দান, হত্যা চেষ্টা ও র্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে।
সন্ত্রাসীদের গুলিতে কোনো পুলিশ সদস্য নিহত হলে মানবাধিকার সংগঠনগুলোকে পাশে পাওয়া যায় না- এমন অভিযোগের জবাবে মিজানুর রহমান বলেন, "কিন্তু আমাদের বুঝতে হবে- সন্ত্রাসীর হাতে একজন পুলিশের মৃত্যু হলে পুরো রাষ্ট্রযন্ত্র অপরাধীকে বিচারের মুখোমুখি করতে চায়। অন্যদিকে, যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই একজন সাধারণ মানুষের মৃত্যু হয়, তখন তার পক্ষে দাঁড়ানোর কেউ থাকে না। এজন্যই মানবাধিকার সংগঠনগুলো তার পাশে দাঁড়ায়।"
জাতীয় মানবাধিকার কমিশনের কাজের পরিধি সম্পর্কে চেয়ারম্যান বলেন, এ বিষয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। সব ধরনের অপরাধ ও আইন লঙ্ঘনই মানবাধিকার লঙ্ঘন নয়। তাই যে অপরাধে মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, সেগুলো নিয়েই মানবাধিকার কমিশন কাজ করে।
ইউরোপীয় কমিশনের সহযোগিতায় আয়োজিত এ আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.ইমতিয়াজ আহমেদ বলেন, এমন কিছু গণমাধ্যম রয়েছে যেখানে সৎ সাংবাদিক রয়েছেন। কিন্তু মালিকদের কারণে তারা সব সময় সঠিক তথ্য দিতে পারেন না। এ ক্ষেত্রে তাদের চাকরি হারানোর ভয় থাকে।
তিনি আরো বলেন, বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা এখনো ঔপনিবেশিক আইনে চলে। সে কারণে রাজনৈতিক নেতারা ও সরকারি চাকরিজীবীরা অনেক বেশি সুবিধা ভোগ করে। মানবাধিকারের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হলে এসব ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে নতুন ধারার সৃষ্টি করতে হবে। যে ধারায় দুর্নীতির কোনো সুযোগই থাকবেনা।
আলোচনা সভায় মূল নিবন্ধ উপস্থাপন করেন ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস এর উপদেষ্টা সম্পাদক জগলুল আহমদ চৌধুরী।
এতে তিনি বলেন, গণমাধ্যমের গঠনমূলক ও সাহসী ভূমিকার সঙ্গে মানবাধিকারের বিভিন্ন বিষয়ের উন্নয়ন ঘনিষ্ঠভাবে জড়িত। স্বচ্ছতা এবং গ্রহণযোগ্য নীতিমালার আলোকেই গণমাধ্যম তেমন একটি ভূমিকা পালন করতে পারে।
সেই লক্ষে আগ্রহ ও প্রয়াস শক্তিশালী করা প্রয়োজন বলে মনে করেন জগলুল আহমদ।
"মানবাধিকার লঙ্ঘনের খবর এখন অনেক পত্র-পত্রিকা গুরুত্বের সঙ্গে ছেপে থাকে। এরপরও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অজ্ঞাত ও চিরদিনের জন্যই যেন নিরসনের বাইরে থেকে যায়", যোগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শবনম আযীমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৭৫৩ ঘ.
bdnews24