ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, তামাক চাষ বন্ধ করে খাদ্যশস্য উৎপাদন করলে খাদ্য আমদানিতে সরকারের বিপুল পরিমাণ অর্থ খরচ হতো না।
মঙ্গলবার রাজধানীতে হোটেল রূপসী বাংলায় 'বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১১' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, "বছরে এক লাখ টন চাল আমদানি করতে হয়। যার ব্যয় কোনো কোনো মন্ত্রণালয়ের বার্ষিক বরাদ্দের চেয়ে বেশি। তামাক চাষ না করে খাদ্যশস্য উৎপাদন করলে খাদ্য আমদানিতে এ বিপুল পরিমাণ অর্থ খরচ হতো না।"
দেশে তামাক চাষ বন্ধ করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, "সরকার তামাকের ব্যাপারে অনেক সিরিয়াস। সবার সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশে তামাকের উৎপাদন বন্ধ করা সম্ভব হবে।"
ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কনট্রোল (এফসিটিসি) এর আদলে এ অনুষ্ঠানের আয়োজন করে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং তামাক বিরোধী গণমাধ্যম জোট (আত্মা)।
সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে এফসিটিসি বাস্তবায়নের বিষয়ে কথা বলার প্রতিশ্র"তি দেন খাদ্যমন্ত্রী।
তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ কে আরো সংশোধন এবং কঠোর করা হচ্ছে জানিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "প্রকাশ্যে ধুমপায়ীর যে শাস্তির কথা আগের আইনে রয়েছে তা আরো কঠোর করা হবে।"
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের আট সাংবাদিককে 'প্রজ্ঞা-পিআইবি তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১১' এবং 'প্রজ্ঞা-পিআইবি তামাক নিয়ন্ত্রণ অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০১১' প্রদান করা হয়।
অনুষ্ঠানে ক্যাম্পেন ফর টোব্যাকো ফ্রি কিডস'র মিডিয়া ও অ্যাডভোকেসি সমন্বয়ক তাইফুর রহমান তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সংযোজনের জন্যে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে- প্রকাশ্যে ধুমপায়ীর শাস্তি কমপক্ষে তিনশ টাকা করা, তামাক জাত পণ্যের বিজ্ঞাপন সম্পূর্ণ বন্ধ করা, জর্দ্দা, গুল ও সাদাপাতাকে তামাকের সংজ্ঞায় অন্তর্ভূক্ত করা এবং তামাক জাতীয় পণ্যের মোড়কে ছবিযুক্ত সতর্কবাণী যুক্ত করা।
পিআইবি'র পরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৭২২ ঘ.
bdnews24