বাগেরহাট, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের পূর্ব বিভাগে বনদস্যু সোহাগ বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের তেঁতুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।
সোহাগ বাহিনীর হাতে অপহৃত হওয়া দুই জেলেকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। তারা হলেন- জলিল শেখ (৩৫) ও নান্না শেখ (৩২)। তাদের বাড়ি শরণখোলা উপজেলার পানিরঘাট এলাকায়।
গ্রেপ্তার করা হয় ওই বাহিনীর এক সদস্য আনোয়ার বয়াতিকে (২৮)। সে একই উপজেলার সোনাতলা গ্রামের তানজেল বয়াতির ছেলে।
শরণখোলা থানার ওসি আজিজুল হক সাংবাদিকদের জানান, সোহাগ বাহিনীর সদস্যরা গত শনিবার সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরার সময় জলিল শেখ ও নান্না শেখকে অপহরণ করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে পুলিশের একটি দল তাদের উদ্ধার করতে সোমবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের তেতুলবাড়িয়া এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা সোহাগ বাহিনীর সাত-আট সদস্য পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর সোহাগ বাহিনীর সদস্যরা নৌকা তীরে ভিড়িয়ে অপহরণ করা জেলেদের ফেলে রেখে বনের মধ্যে পালিয়ে যায়।
এ সময় পুলিশ ধাওয়া করে বনদস্যু আনোয়ার বয়াতিকে ধরে ফেলে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দস্যুদের ফেলে যাওয়া একটি নৌকা ও বন্দুকের পাঁচটি গুলি।
এই ঘটনায় তিনটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৫৯ ঘ.
bdnews24