২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য গোপনে প্রার্থিতা বাতিল, ব্যয়সীমা বৃদ্ধির প্রস্তাব ইসির

তথ্য গোপনে প্রার্থিতা বাতিল এবং নির্বাচনী ব্যয়ের সীমা ও জামানত বৃদ্ধিসহ ছয়টি ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নতুন বিধান যুক্ত বা সংশোধন করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য গোপনে প্রার্থিতা বাতিল এবং নির্বাচনী ব্যয়ের সীমা ও জামানত বৃদ্ধিসহ ছয়টি ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নতুন বিধান যুক্ত বা সংশোধন করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব প্রস্তাবের ওপর মতামত নেবে ইসি। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাস্তব অবস্থার নিরীখে ও অতীত অভিজ্ঞতার আলোকে প্রস্তাবের খসড়া করা হয়েছে। দল, বিশিষ্টজন ও সম্পাদকদের মতামতের পর তা চূড়ান্ত করে আইনের সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ করা হবে।" অন্যান্য প্রস্তাবের মধ্যে নির্বাচনী কর্মকর্তাদের শাস্তি, ইলেকট্রনিক ভোটিং মেশিন ও দলীয় প্রধানের নির্বাচনী খরচের বিবরণী প্রকাশের বিধান ও সংশোধনী যুক্ত করার কথা রয়েছে। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল, নির্বাহী ও বিচারিক হাকিমের শাস্তির ক্ষমতা স্পষ্টকরণ, আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্রবাহিনী অন্তর্ভুক্ত করা, নির্বাচনী এজেন্ট নিয়োগে কড়াকড়ি আরোপের বিষয়ে অন্তত ২৫টি সংশোধনী ও ২০টির বেশি করণীয় শুদ্ধিকরণের সুপারিশ করেছে কমিশন। সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তির প্রস্তাব স্থানীয় নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনেও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, এপিবিএন, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীর সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীতে সশস্ত্রবাহিনীকেও অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। এছাড়া কোনো ধরনের কর্মকাণ্ডে, পক্ষপাতমূলক আচরণ ও নির্বাচনকে প্রভাবিত করে এমন কিছু করলে নির্বাচন কর্মকর্তাকে বহিষ্কারের প্রস্তাব করেছে ইসি। নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনে সতর্কতার জন্য আলাদা একটি ধারায় নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) ১৯৯১- এর অধীনে বহিষ্কারের বিষয়টি অন্তর্ভুক্ত করার এ প্রস্তাব রাখা হয়। অযোগ্য হবেন যারা প্রস্তাব অনুযায়ী মনোনয়নপত্র বা এফিডেভিটে মিথ্যা তথ্য দিলে, লাভজনক পদে থাকলে (আগে ফুল টাইম বলা ছিল), উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে চাকরিরত এবং পলাতক আসামিদের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হবে। বাড়ছে নির্বাচনী ব্যয় ও জামানতের সীমা জামানতের টাকা ১০ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করার প্রস্তাবের পাশাপাশি নির্বাচনী ব্যয় ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া দলের নির্বাচনী ব্যয়ের হিসাবে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারের ব্যয় যুক্ত করতে হবে। অপরাধের শাস্তির ক্ষমতা বিভাজন নির্বাচনী অপরাধের শাস্তি দিতে বিচার বিভাগীয় ও নির্বাহী হাকিমের ক্ষমতা বিভাজনের বিধান যুক্ত করার সুপারিশ করেছে ইসি। প্রার্থিতায় বাধা দেওয়া, প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বিকৃত বক্তব্য রাখা, ভোটে বাধা দেওয়াসহ কিছু নির্বাচনী অপরাধের শাস্তি দুই বছর থেকে সাত বছর থাকায় তা কমিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে এ বিচার সম্পন্ন করার প্রস্তাব এসেছে। এক্ষেত্রে শাস্তির মেয়াদ ছয় মাস থেকে দুই বছরের মধ্যে রাখার সুপারিশ করা হয়েছে। ইভিএম ও সদস্যপদ বাতিলে নতুন বিধান ভোটিং মেশিনে ভোট নিতে এবং রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলে নতুন একটি বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আরপিওতে প্রার্থিতা বাতিলের বিষয়ে আলাদা অনুচ্ছেদ (৯১ এফ) যুক্ত করার প্রস্তাবে বলা হয়েছে, সংসদ সদস্য হওয়ার পর হলফনামায় মিথ্যা তথ্যদান বা গোপন করার বিষয় প্রমাণিত হলে ওই সদস্যের সদস্যপদ বাতিল করে আসনটি শূন্য ঘোষণা করতে পারবে ইসি। ইসি কর্মকর্তারা জানান, আরপিওতে প্রার্থীর প্রার্থিতা বাতিল সংক্রান্ত বিধানে (৯১-ই) অস্পষ্টতা রয়েছে। গত সংসদ নির্বাচনে বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও জাতীয় পার্টির সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার হলনামায় মিথ্যা তথ্য দিয়েছেন বলে প্রমাণিত হওয়ার পরও আইনি সীমাবদ্ধতার কারণে কমিশন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। এ বিষয়ে কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যমান আইনে এ বিষয়ে কিছু অস্পষ্টতা রয়েছে। যে কারণে কমিশন গত নির্বাচনের পর বিধানটির কার্যকর কোনো প্রয়োগ দেখাতে পারেনি। মূলত হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা তথ্য গোপন বন্ধ করতে নতুন প্রস্তাব রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এমআই/০০৪৯ ঘ.