২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠিকাদার-এলাকাবাসী সংঘর্ষে আহত ১১, সড়ক অবরোধ

ষাটগম্বুজ মসজিদ এলাকায় খুলনা-বাগেরহাট সড়কে সংস্কার কাজ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদার সমর্থকের হামলা ও সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

বাগেরহাট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষাটগম্বুজ মসজিদ এলাকায় খুলনা-বাগেরহাট সড়কে সংস্কার কাজ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদার সমর্থকের হামলা ও সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত ষাটগম্বুজ মসজিদ এলাকা এবং সুন্দরঘোনা গ্রামে কয়েক দফা হামলা ও সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে সোমবার ভোর ৫টার দিকে ঠিকাদারের সমর্থকরা বাগেরহাট বাস টার্মিনাল অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে সকাল ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। সংঘর্ষের একপক্ষে ছিলেন এলাকাবাসী ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান। তিনি বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরেকপক্ষে ছিলেন- ঠিকাদার আবু বক্কর খান ও তার লোকজন। আবু বক্কর জেলা যুবলীগ এবং বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য। তিনি বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের ভাতিজা। রোববার গভীর রাতে ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রাম থেকে আজিজুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আহতরা হলেন- ঠিকাদারের পক্ষের আবু বক্কর খান, তার ছোট ভাই আলি খান, আলিম, আব্দুস সোবহান ও মনি তালুকদার। এলাকাবাসীর পক্ষের আহতরা হলেন- ইমাম হাসান নজর, তার ছোটভাই সোহেল হাসান, রফিকুল ইসলাম, খোকন, ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর ছোটভাই শেখ আসাদুজ্জামান ও চাচাতো ভাই শেখ তৌফিকুজ্জামান। এদের বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, রাস্তার কাজ নিয়ে ঠিকাদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়েছে। এর জেরে সোমবার ভোরে কয়েকঘণ্টা বাগেরহাট-খুলনা সড়কে যান চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি। তবে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এক গ্রামবাসীকে আটক করে আদালতে হাজির করা হয়েছে বলে তিনি জানান। ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যায় এলাকাবাসী কাজের মান ও ধরন নিয়ে তার কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ জামানকে জানান। এর কিছুক্ষণের মধ্যে ঠিকাদার আবু বক্কর খান কয়েকজন সহযোগীসহ ঘটনাস্থলে এসে তার (বাচ্চু) সঙ্গে থাকা এলাকাবাসী ইমাম হাসান নজরকে মারধর শুরু করেন। তিনি আবু বক্করকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঠিকাদার ও তার ভাই আলি খানকে প্রহার করে। এর জেরে বাগেরহাট শহর থেকে ঠিকাদারের সমর্থকরা দুই দফায় ষাটগম্বুজ এলাকায় এসে এলাকাবাসীর উপর হামলা চালায়। তিনি আরো বলেন, সোমবার দুপুরে ঠিকাদারের পক্ষের সাত-আট জন সশস্ত্র যুবক একটি মাইক্রোবাস নিয়ে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে তাকে খোঁজ করে। পরে তারা সুন্দরঘোনা গ্রামে তার বাড়িতে গিয়েও তাকে না পেয়ে তার ছোটভাই শেখ আসাদুজ্জামান ও চাচাতো ভাই শেখ তৌফিকুজ্জামানকে মেরে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীদের ভয়ে তিনি এখন আত্মগোপণে রয়েছেন বলে জানান। এদিকে, বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ঠিকাদার আবু বক্কর খান অভিযোগ করেন- তার অনুপস্থিতিতে চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় কিছু লোক ষাটগম্বুজ মসজিদের সামনের রাস্তার সংস্কার কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে তিনি তার ছোটভাই আলী খানকে নিয়ে ঘটনাস্থলে গেলে চেয়ারম্যানের নির্দেশে কিছু লোক তাদের মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে তার পক্ষ নিয়ে কারা কোথায় হামলা চালিয়েছে তা তিনি জানেন না। বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন চেয়ারম্যান কোনো কাজ বন্ধ করে দিতে পারেন না। কাজে অনিয়ম হলে বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জানানো উচিৎ। তিনি তার ভাতিজাদের (আবু বক্কর খান ও আলী খান) উপর হামলার ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.