চট্টগ্রাম/রাঙামাটি, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার পর গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় গেটে তাকে গ্রেপ্তার করা হয়।
গণতান্ত্রিক যুব ফোরাম ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত যুব সংগঠন।
রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এএকেএম শামসুল ইসলামের আদালত মাইকেল চাকমার জামিন মঞ্জুর করেন বলে গণতান্ত্রিক যুব ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিেেফার ডটকমকে বলেন, রাঙামাটির জুরাছড়িতে আরো একটি মামলা থাকায় মাইকেলকে জেল গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় জুরাছড়ি থানা পুলিশের সঙ্গে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা পুলিশও ছিল বলে তিনি জানান।
এ বছরের ৮ ফেব্র"য়ারি মাইকেল চাকমাকে পাহাড়তলীর বণিকপাড়ার একটি বাসা থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ২০০ ইয়াবা ট্যাবলেটসহ র্যাব গ্রেপ্তার করেছিল।
এদিকে, সন্ধ্যায় গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক নিকোলাস চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাইকেল চাকমাকে পুনরায় আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/২২৩৮ ঘ.
bdnews24