চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলার ষাইটমারা এলাকা থেকে একে-৪৭ রাইফেলের ৮৬ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- নেছার উল্ল্যা ওরফে নেছার (২০) ও কায়সার উদ্দিন (২১)।
সোমবার ভোর সোয়া ৪টায় ষাইটমারা গ্রামের বদি আলমের মালিকানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭-এর স্টাফ অফিসার এএসপি নুরুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি কার্তুজের খোসা, একটি হাতে চালিত পাম্প মেশিন, দুটি বাটাল, একটি হাতুড়ি, ১৪টি হ্যাকস ব্লেড, দুটি পাইপ উদ্ধার করে র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু সন্ত্রাসী অস্ত্র বিক্রির জন্য ষাইটমারা এলাকায় অবস্থান করছে- এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০০৮ ঘ.
bdnews24