মুন্সীগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্ত্রী হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাভোগ করতে হবে।
সোমবার মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ গোলাম কিবরিয়া এ সাজা দেন বলে জানান মামলায় বাদীপক্ষের আইনজীবী।
দণ্ডিত ডালিম মিয়া (৩৩) উপজেলার কুণ্ডলিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় ডালিম মিয়া আদালতে উপস্থিত ছিলেন।
জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অজয় চক্রবর্তী সাংবাদিকদের জানান, শ্বশুরবাড়ি থেকে যৌতুক না দেওয়ায় ২০০৬ সালের ১১ নভেম্বর গৃহবধূ নূরজাহানকে (২৩) শ্বাসরোধ করে হত্যার পর লাশ বালুচাপা দিয়ে রাখা হয়।
নূরজাহানের স্বামী ডলিম মিয়া এই হত্যায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে
সাজা দেওয়া হয়।
আইনজীবী আরো জানান, আদালত এই মামলা থেকে ডালিমের বাবা বাহারুল মিয়া ও মা আছিয়া বেগমকে অব্যাহতি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24