ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্বাস্থ্যনীতির খসড়া সোমবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
রোববার স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি উপস্থাপন করা হবে।
বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্র"তির অন্যতম ছিলো এই স্বাস্থ্যনীতি প্রণয়ন।
গত ১৫ ফেব্র"য়ারি জাতীয় স্বাস্থ্যনীতি ২০১১-এর খসড়া অনুমোদন করে এ সংক্রান্ত জাতীয় কমিটি।
খসড়ায় বর্ণিত গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মাথাপিছু স্বাস্থ্যসেবা ব্যয় ১৩ ডলার থেকে বাড়িয়ে ২৪ ডলারে উন্নীত করা, স্বাস্থ্য ব্যবস্থাপনা বিকেন্দ্রীকরণ, সরকারি-বেসরকারি সমন্বিত সুযোগের প্রয়াস সৃষ্টি, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা ও স্বাস্থ্যখাতের সব স্তরে জবাবদিহিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়।
এছাড়া খসড়ায় চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং গ্রামমুখী করার প্রস্তাবের পাশাপাশি যেসব চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করবেন না তাদের জন্য প্রণোদনা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
গত বছরের ১১ জুলাই স্বাস্থ্যমন্ত্রীকে প্রধান করে ১৩ সদস্যের ওই জাতীয় কমিটি গঠন করা হয়।
২০০০ সালের জাতীয় স্বাস্থ্যনীতি পুনর্মূল্যায়ন ও হালনাগাদ করে একটি নতুন জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়নের উদ্যোগ নেয় বর্তমান সরকার।
২০০৯ সালের ২১ জুন এ উদ্দেশে একটি প্রাথমিক খসড়া প্রণয়ন করে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানের মতামতের জন্য এটিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। এরপর মতামত ও পরামর্শ বিশ্লেষণ, বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা এবং সংশ্লিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করে খসড়াটি সংশোধন ও পরিমার্জন করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
জাতীয় কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয় খসড়া চূড়ান্ত করতে তিনবার জাতীয় কমিটি পুনর্বিন্যাস করতে হয়েছে।
"একটি কমিটি জনগণের মতামত নিয়েছে, এরপর অন্য কমিটি এসব মতামত উপেক্ষা করেই খসড়া চূড়ান্ত করেছে।"
স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতারের মতে প্রস্তাবিত বিভিন্ন বিষয়ের সঙ্গে খসড়া নীতির বিস্তর ব্যবধান রয়েছে।
"অনেক ইতিবাচক বিষয়ের প্রস্তাব থাকলেও খসড়া নীতিতে এসব উপেক্ষিত রয়ে গেছে। এই নীতিতে পেশাগত স্বাস্থ্য ঝুঁকির মতো বিষয়ের কোনো উল্লেখ নেই।"
স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি প্রফেসর রশিদ-ই-মাহবুব, যিনি জাতীয় কমিটিরও সদস্য বলেন, খসড়া স্বাস্থ্যনীতিতে স্বাস্থ্যকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
"এটি একটি ইতিবাচক দিক। তবে উদ্বেগের বিষয় হলো এটি আদৌ আইনি রূপ পাবে কি না।"
সরকারের প্রতি জাতীয় স্বাস্থ্যনীতিকে আইন করে বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।
মানসম্মত স্বাস্থ্যসেবার সহজপ্রাপ্যতা ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাকে এ নীতির প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/পিডি/২১০৭ ঘ.
bdnews24