ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেফাজতে থাকা আসামির মৃত্যুর পরও তাকে হাতকড়া পরিয়ে রাখায় সংশ্লিষ্টদের কেন শাস্তি দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রেক্ষিতে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়।
স্বরাষ্ট্র সচিব, ডিআইজি (প্রিজন), ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং এক কারারক্ষীকে ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
গত ২১ মে দৈনিক মানবজমিনে "মৃত্যুর পরও হাতকড়া..." শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই বিষয়টি তুলে ধরে সকালে হাইকোর্টে রিট আবেদন করেন হাইকোর্টের আইনজীবী কে এম জাবির। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আদালতের নির্দেশনা চান তিনি।
মানবজমিনের প্রতিবেদনে বলা হয়, গত ২০ মে চুন্নু মিয়া (৫৮) নামে এক বন্দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। হাতকড়া পরা অবস্থায় তার লাশ ফেলে রাখা হয় কয়েক ঘণ্টা। লাশের হাতে হাতকড়া দেখে রোগী ও সাধারণ মানুষ চমকে উঠলেও প্রহরারত পুলিশ ছিলো নিরব।
কারারক্ষী ওয়াহেদুজ্জামান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসামি চুন্নু মিয়াকে হাসপাতালে নিয়ে যান বলে প্রতিবেদনে বলা হয়।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন বেলাল হোসেন জয়। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৮১৯ ঘ.
bdnews24