ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পপগুরু আজম খানের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
মেডিকেল বোর্ডের সদস্য স্কয়ার হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে এখনো লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। রক্তচাপ ঠিক রাখতে আমরা নিয়মিত ওষুধ দিয়ে যাচ্ছি।"
শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়ায় শুক্রবার বাংলাদেশে পপ সঙ্গীতের অগ্রপথিক আজম খানের অবস্থার অবনতি ঘটে। সে দিন থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় শনিবার গঠন করা হয় সাত সদস্যের এই মেডিকেল বোর্ড।
ডা. কামরুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যেহেতু তার শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার ছড়িয়ে পড়া বন্ধ করতে পারছি না, ফলে তার অবস্থা সামনের দিনগুলোতে আরো খারাপ হতে পারে।"
এই মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- ডা. সেলিম রেজা, ডা. নুরুজ্জামান, ডা. রায়হান রাব্বানী, ডা. মর্তুজা খায়ের, ডা. ফজলুল হক ও ডা. এএ জামিল।
ব্যান্ড দল উচ্চারণ গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশকারী আজম খান ২০১০ সাল থেকে মুখগহ্বরের ক্যান্সারে ভুগছেন। এ জন্য দুবার তাকে সিঙ্গাপুরে নিয়েও চিকিৎসা করানো হয়।
তবে গত নভেম্বরে সিঙ্গাপুরে শেষ বারের চিকিৎসা সম্পূর্ণ না করেই আজম খান ফিরে আসেন বলে ডা. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, এখন তা মুখ থেকে ফুসফুস, যকৃৎ ও হাড়েও ছড়িয়ে পড়েছে।
জীবন নিয়ে উদাসীন আজম খান নিজের চিকিৎসা নিয়েও বরাবর উদাসীন ছিলেন বলে ডা. কামরুজ্জামান জানান।
"আমি তাকে অনেকবার বলেছি- আপনি হাসপাতালে আসেন। কিন্তু তিনি 'আসবো-আসবো' বলে আর আসেননি।"
মুক্তিযোদ্ধা আজম খান গত ২২ মে থেকে স্কয়ার হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে।
১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি ঢাকার আজিমপুরে জন্ম নেওয়া মাহবুবুল হক খান সঙ্গীতাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন আজম খান নামে।
২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এ সঙ্গীত শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে গঠন করেন ব্যান্ড দল 'উচ্চারণ'। বাংলাদেশ টেলিভিশনে তার প্রথম কনসার্ট প্রচারিত হয় ১৯৭২ সালে। ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গেয়ে স্থান করে নেন বাংলার মানুষর হৃদয়ে।
বাংলাদেশে পপ সঙ্গীতের জনপ্রিয়তা আজম খানের হাত ধরেই। দেশে এ জগতে কিংবদন্তী মনে করা হয় তাকে। আজম খানের কণ্ঠে 'ওরে সালেকা, ওরো মালেকা', 'আলাল ও দুলাল', 'অনামিকা', 'অভিমানী, 'আসি আসি বলে' গানগুলো এখনো ফেরে মানুষের মুখে মুখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/জেকে/১৮০৪ ঘ.
bdnews24