মাদারীপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচরে মাদবরেরচর শিকদারকান্দিতে আওয়ামী লীগের কার্যালয় আগুনে পুড়ে গেছে। বিরোধীদলীয় সন্ত্রাসীরা কার্যালয়টি পুড়িয়ে দিয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন।
রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজান বলেন, এলাকাবাসী আগুন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিরোধী দলীয় কিছু সন্ত্রাসী এ আগুন লাগিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিকদারকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলুল মুন্সি এ ঘটনার জন্য বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান রাজ্জাক মোল্লাকে দায়ী করেছেন।
এদিকে এ ব্যাপারে রাজ্জাক মোল্লার ছেলে বাবু মোল্লা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই আগুন লাগিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছেন।
শিবচর থানার ওসি মো. আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬২৪ ঘ.
bdnews24