মাদারীপুর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন এক চেয়ারম্যান প্রার্থী।
পুলিশ জানায়, ছিলারচরের চৌধুরীহাট এলাকায় শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম বাবুল সরদারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার সাংবাদিকদের জানান, সাইফুল ইসলাম বাবুল শনিবার রাত ১০টার দিকে চৌধুরীহাটে তার প্রচারণা চালাচ্ছিলেন।
এসময় নির্বাচনী প্রতিপক্ষের লোকরা তাকে লক্ষ্য করে একটি ইটের টুকরা দিয়ে ঢিল দেয়। এতে তিনি আহত হন। গুরুতর অবস্থায় রাত ১২টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তার সমর্থকরা রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে।
ওসি জানান, নির্বাচনকে সামনে রেখে যারা পরিবেশ ঘোলাটে করতে চায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬১২ ঘ.
bdnews24