২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরছেন খালেদা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকায় বিমানবন্দরের বাইরে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকায় বিমানবন্দরের বাইরে তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। রোববার বিকাল ৫টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার রাত ১২টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা। মির্জা ফখরুল বলেন, আমরা নেত্রীকে সংবর্ধনা জানানোর কর্মসূচি নিয়েছি। বিকালে ঢাকায় পৌঁছালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে নেত্রীকে বীরোচিত সংবর্ধনা জানানো হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের বিকাল ৪টার মধ্যে বিমানবন্দর এলাকায় উপস্থিত হতে বলা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। মহানগর সদস্য সচিব আবদুস সালাম জানান, বিমানবন্দরের মোড় থেকে বনানীর কাকলী পর্যন্ত রাস্তার এক পাশে নেতা-কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভিনন্দন জানাবেন। এর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খালেদা জিয়া ওয়াশিংটনে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেন, বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলিসহ চার কংগ্রেস সদস্যের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সন্ত্রাসবাদ দমন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিচারবিভাগ দলীয়করণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানান। এছাড়া নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন খালেদা জিয়া। নিউইয়র্ক থেকে বাংলাদেশী আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের (বিএপিএফ) প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিউইয়র্কে একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিরোধী দলীয় নেতার সফর সফল হয়েছে। এ সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। খালেদা জিয়া এই সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য রাখেননি। গত ২৪ মে নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেট খালেদা জিয়াকে বিশেষ সন্মাননা প্রদান করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে খালেদা জিয়া গত ১৪ মে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। যুক্তরাজ্য সফর শেষে তিনি যুক্তরাষ্ট্রে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২২১০ ঘ.