ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর শনির আখড়ায় চার তলা ভবনের ছাদে ক্রিকেট খেলতে গিয়ে নিচে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে এ দূর্ঘটনা ঘটে।
ছেলেটির নাম মাহমুদুল ইসলাম তৌকির (১৩)। সে কদমতলী কুদরাত উল্লা বাজারের তালিমুল মিল্লাত মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিলো বলে পরিবারের সদস্যরা জানান।
তৌকিরের বাবা ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, নূরপুরে তারা ভাড়া বাসায় থাকেন। তাদের বাসার ভবনটি চার তলা। ভবনের ছাদে ছোট ভাই ও অন্য বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলার সময় তৌকির নিচে পড়ে যায়।
প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ওসি শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাদে ক্রিকেট খেলতে গিয়ে হঠাৎ নিচে পড়ে মারা যায় শিশুটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১০৩ ঘ.
bdnews24