ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি কী ধরনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় তা জানাতে বলেছেন সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরিঞ্জত সেনগুপ্ত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার তিনি বলেন, "আদালত তা [তত্ত্বাবধায়ক সরকার] বাতিল করেছে। তবে দুই মেয়াদে রাখা যাবে বলেও মত দিয়েছে। এখন আপনারা বলছেন- এটা মানি না। কোনটা মানেন দয়া করে বলেন।"
"মানেনও না, বলেনও না, বোঝেনও না- তাহলে আমাদের ওপর ছেড়ে দিন।"
সংসদ ভবনে সংবিধান সংশোধনের খসড়া প্রতিবেদন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সুরঞ্জিত।
শুক্রবার এক অনুষ্ঠানে মওদুদ বলেন, "সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই আগামী নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কোনো সংশোধনী কিংবা পরিবর্তন আমরা গ্রহণ করব না। সংবিধানে যেভাবে আছে, তা-ই থাকতে হবে।"
এ বিষয়ে জানতে চাইলে শনিবার সুরঞ্জিত বলেন, "এটা যতটুকু না সাংবিধানিক সমস্যা, তার চেয়ে বেশি রাজনৈতিক সমস্যা। আমরাও তো তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে নই। ঐক্যমত্যের ভিত্তিতে এটা হলে সুবিধা হতো।
"কমিটিতে এসে মত দিন আপনারা [বিরোধী দল]। একমত না হোক, দ্বিমতও হতে পারে। কিন্তু কোনো মতামত না দিয়ে নানা কথা বলছেন তারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৯০১ ঘ.
bdnews24