রাজশাহী, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হন অন্তত ২০ জন।
শুক্রবার দুপুরে এই সংঘর্ষ হয়। রাতে হাসপাতালে মারা যান খলিল উদ্দিন (৪৫)। তিনি চারঘাটের বাবুপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
আহতদের মধ্যে গোপালপুরের বাদল (৩০) ও খলিলকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। বাকিরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
চারঘাট থানার ওসি (তদন্ত) শামসুল হক জানান, উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কোনো পক্ষই থানায় এখনো অভিযোগ করেনি বলে তিনি জানান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, থানাপাড়া গ্রামের পাশে বড়াল নদীর মোহনা থেকে পশ্চিম দিকে পদ্মায় জেগে ওঠা চর ওই গ্রামের লোকজন দীর্ঘদিন থেকে দখল করে চাষাবাদ করে আসছিল।
শুক্রবার গোপালপুর ও বাবুপাড়া গ্রামের লোকজন ওই চর দখল করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাত ৯টার দিকে খলিলের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৫ ঘ.
bdnews24