চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার ও বান্দরবান জেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে চারটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধান পাওয়া গেছে একটি অস্ত্র তৈরির কারখানার।
গ্রেফতারকৃতরা হলেন- ইলিয়াস (৩০) এবং কায়েস (২২)। তাদের বাড়ি কক্সবাজার জেলায়।
র্যাব- ৭ এর ক্যাপ্টেন হিমাদ্রি শেখর রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার বিকালে র্যাব-৭ চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাবের উপ-অধিনায়ক (গোয়েন্দা) মেজর আব্দুস সামাদ।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাপ্টেন হিমাদ্রি শেখর রায়ের নের্তৃত্বে কক্সবাজার সদর থানাধীন বটতলা বাজারে অভিযান পরিচালনা করে র্যাব-৭ চকরিয়া ক্যাম্পের একটি দল।
এসময় তিনটি দেশীয় এলজি ও একটি একনলা বন্দুকসহ ইলিয়াস ও কায়েসকে গ্রেপ্তার করা হয়।
হিমাদ্রী শেখর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারের পর তাদের চকরিয়া ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার লামা থানাধীন লালমাটি পাহাড়ের গহীন অরণ্যে শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়া যায়। এসব দেশীয় অস্ত্র ডাকাতি এবং জলদস্যুতার কাজে ব্যবহার করে থাকে সন্ত্রাসীরা।
তবে অভিযানের সময় ওই অস্ত্র কারখানায় কেউ ছিল না বলে জানান হিমাদ্রি।
অভিযানে দুটি একনলা বন্দুকের বাঁট, এলজি বন্দুক তৈরির ছয়টি যন্ত্রাংশ, এলজির পাইপ দুটি, পাঁচ রাউন্ড খালি খোসাসহ বন্দুক তৈরির আরো কিছু সরঞ্জাম উদ্ধার করে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এইচএ/২৩০০ ঘ.
bdnews24