জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আজম খান
ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে পপ সঙ্গীতের 'গুরু' আজম খানকে কৃত্রিমভাবে (লাইফ সাপোর্ট) বাঁচিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
ক্যান্সারে আক্রান্ত এই শিল্পীকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আজম খানের মেয়ে ইমা খান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্ক কাজ করলেও শরীরের অন্যান্য অংশ কাজ করছে না। ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে।
এই অবস্থায় আজম খানকে তিন-চারদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসকরা।
মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত এই মুক্তিযোদ্ধা সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ডিসেম্বরে দেশে ফেরেন। কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ২২ মে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শুক্রবার সন্ধ্যায় আজম খানের সঙ্কটজনক অবস্থার খবর ছড়িয়ে পড়লে সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, ভক্ত-গুণগ্রাহী ও সংবাদকর্মীরা স্কয়ার হাসপাতালে ভিড় করেন।
স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আজম খানের অবস্থা সংকটাপন্ন।
১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন আজম খান। তার পুরো নাম মাহবুবুল হক খান।
২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই সঙ্গীত শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে 'উচ্চারণ' নামে একটি ব্যান্ড দল গঠন করেন। ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গেয়ে স্থান করে নেন বাংলার মানুষর হৃদয়ে।
বাংলাদেশ টেভিভিশনে তার প্রথম কনসার্ট প্রচারিত হয় ১৯৭২ সালে।
আজম খানের কণ্ঠে 'ওরে সালেকা, ওরো মালেকা', 'আলাল ও দুলাল', 'অনামিকা', 'অভিমানী, 'আসি আসি বলে' গানগুলো বাংলাদেশে পপ সঙ্গীতকে জনপ্রিয় করে তুলকে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএএসএ/পিসি/জেকে/২২০২ ঘ.
bdnews24