ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা কাজী আব্দুর রহমান হত্যাকাণ্ডে জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ বা স্বজন কেউ বলতে পারছেন না হত্যার কারণ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি চালিয়ে আব্দুর রহমানকে হত্যা করে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় খুন হন ৩৯ নম্বর ওয়ার্ড বিএপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান (৩৫)। ঘটনার সময় আব্দুর রহমানের সঙ্গে একই গাড়িতে ছিলেন ফার্মগেট ২ নম্বর ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক রঞ্জিত গোমেজ।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি, আব্দুর রহমান, সাজ্জাদ, টগর ও মিন্টু ওই গাড়িতে ছিলাম। আব্দুর রহমান গাড়ি চালাচ্ছিল। আর সাজ্জাদ বসেছিল তার বাম পাশে। আমরা তিনজন বসেছিলাম পেছনের সিটে।"
তিনি জানান, পূর্ব তেজতুরি বাজার এলাকায় আব্দুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান রশিদ অ্যান্ড সনস্রে কাছে গাড়ি থামানোর পর ৭-৮ জন যুবক এসে পিস্তলের গুলি ছোঁড়া শুরু করে। এ সময় সামনে বসা আব্দুর রহমানের পাশাপাশি সাজ্জাদও গুলিবিদ্ধ হয়।
রঞ্জিত বলেন, "এ ঘটনা রাজনৈতিক।"
নিহতের পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহমান একজন পরিবহন ব্যবসায়ী। বাংলাদেশ ট্রাক অ্যান্ড কভার্ড ভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তিনি।
তবে কারা, কেন রহমানকে খুন করলো- সে সম্পর্কে কিছু বলতে পারছে না তার পরিবারের সদস্যরা।
নিহতের ছোট ভাই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনে ৩৯ নম্বর ওয়ার্ড থেকে কমিশনার পদে প্রার্থী হতে চেয়েছিলেন আব্দুর রহমান।
তবে বর্তমান কমিশনার আওয়ামী লীগ নেতা শামীম হাসানের সঙ্গে তার কোনো বিরোধ ছিলো না বলেও উল্লেখ করেছেন শাহ আলম।
তেজগাঁও থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হত্যাকাণ্ডটি রাজনৈতিক না ব্যক্তিগত, তা খতিয়ে দেখা হচ্ছে।"
এদিকে, নিহতের বড় ভাই কাজী মজিবুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আব্দুর রহমানের লাশের ময়নাতদন্তও হয়েছে।
বিএনপি নেতা মোছাদ্দেক আলী ফালু সকাল সাড়ে ১১টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আবদুর রহমানের লাশ দেখতে যান। তবে তিনি এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/জেকে/১৯৩০ ঘ.
bdnews24