গাইবান্ধা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক বৃদ্ধা ও তার নাতির মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে পাঁচ মিনিটের এই ঝড়ে উপজেলার ঘুড়িদহ ও মুক্তিনগর ইউনিয়নের চারটি গ্রামের অন্তত ২০টি ঘরবাড়ি ও বহু গাছপাল ভেঙে যায়। আহত হয় অন্তত তিনজন।
নিহতরা হলেন- মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারুহা গ্রামের আজিবুর রহমানের ছেলে পিপুল হোসেন (৫) ও তার নানী নাজলি বেগম (৫৫)।
নাজলি বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর গ্রামের বান্দিা। তিনি মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
আহত হয়েছেন- মুক্তিনগর গ্রামের আব্দুল জব্বার, আহাদ আলী এবং ঝাড়াবর্ষা গ্রামের মোখলেছুর রহমান।
সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহম্মেদ জানান, বাড়ির উঠানে ধান শুকাতে দিচ্ছিলেন নাজলি বেগম। সঙ্গে নাতিও ছিল। বেলা ৩টার দিকে ঝড়ে একটি গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
বিকালে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ ও এই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যান বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.
bdnews24