ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপদ মাতৃত্ব দিবস শনিবার। এ দিবসের চলতি বছরের স্লোগান- হাসপাতালে প্রসব করান, মা ও শিশুর জীবন বাঁচান।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৭টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা হবে।
বাংলাদেশে উচ্চ মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার কমিয়ে আনা এবং মা ও শিশুদের স্বাস্থ্যের উন্নয়নে গর্ভবতী নারীদের হাসপাতালে শিশু জন্ম দেওয়ার হার বৃদ্ধি করা দিবসটি পালনের অন্যতম লক্ষ্য।
এ উপলক্ষে দেশের সব জেলা হাসপাতাল, মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকে বিশেষ মাতৃস্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করা হবে।
এসময় অগ্রাধিকার ভিত্তিতে প্রসব পূর্ববর্তী সেবা ও প্রসবোত্তর সেবা দেওয়া এবং ঝুঁকিপূর্ণ গর্ভবতী মা চিহ্নিত করা হবে।
একইসঙ্গে গুরুত্বপূর্ণ স্থান ও দারিদ্র্যপ্রবণ ঘনবসতিপূর্ণ এলাকায় সচেতনতামূলক পোস্টার ও ব্যানার স্থাপন, বিভিন্ন বেতার ও টেলিভিশন চ্যানেলে দিবসটির তাৎপর্য ও গণসচেতনতামূলক বিশেষ আলোচনা অনুষ্ঠান আয়োজনের সরকারি পরিকল্পনা রয়েছে।
এছাড়া বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে প্রতিপাদ্য বিষয়ের ওপর ভিত্তি করে এসএমএস পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/কেএমএস/১০১৯ ঘ.
bdnews24