২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবক্ষয়ের যুগেও মূল্যবোধ ধরে রাখুন'

সমাজের নানা ক্ষেত্রে অবক্ষয় শুরু হলেও বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মূল্যবোধ ধরে রাখার জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 07:06 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

কিশোরগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজের নানা ক্ষেত্রে অবক্ষয় শুরু হলেও বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মূল্যবোধ ধরে রাখার জন্য বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিচার অঙ্গনের সমস্যা নিরসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবী ও বিচারকদের 'যৌথ ভূমিকা' পালন করতে হবে। তিনি বলেন, আইনজীবী ও বিচারক- উভয় পক্ষই যদি দায়িত্ব পালনে সংবেদনশীল, সহনশীল ও ধৈর্য্যশীল হন, তাহলেই সাধারণ মানুষ সুবিচার পাবে। দেশে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এই সীমাবদ্ধতার মাঝেও ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। "আইনজীবীদের শুধু অর্থের পেছনে দৌঁড়ালে হবে না। সততা, নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজ করলে দেশকে অনেক কিছু দিতে পারেন তারা।" জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে আইনজীবী সমিতির মিলনায়তনে এ মত-বিনিময় সভায় জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো. রেজাউল আলমসহ বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের মামলা জটের কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আদালতে এমনও অনেক মামলা আছে যেগুলো ৪০ বছর ধরে বিচারাধীন। এসব মামলায় যারা বাদী-বিবাদী ছিলেন, এখন তাদের পৌত্র-প্রপৌত্ররা হাজিরা দিচ্ছেন। এসব মামলা দ্রুত নিস্পত্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০১০৩ ঘ.