ফরিদপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের চার দিন পর ফরিদপুর শহর থেকে এক শিশুকে উদ্ধার করেছে র্যাব।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শারমিনকে (১১) উদ্ধার করা হয়। এ ঘটনায় আ. রহিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২২ মে ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার থেকে শারমিনকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়রি করে শারমিনের বাবা আকবর হোসেন।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমামুর রশীদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৬০ হাজার টাকায় একটি শিশু বিক্রি হবে- এমন খবর পেয়ে র্যাবের একটি দল বাসস্ট্যান্ডে অবস্থান নেয়।
তিনি বলেন, "সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রহিম শিশুটিকে নিয়ে সেখানে উপস্থিত হলে তাকে উদ্ধার করা হয়।"
শারমিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রহিমকে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৪৩২ ঘ.
bdnews24