২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মভিত্তিক দল নিষিদ্ধের দাবি সেক্টর কমান্ডারদের

সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুপারিশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুপারিশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। বৃহস্পতিবার সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে এ সুপারিশ তুলে ধরে তারা। সেক্টর কমান্ডার্স ফোরাম ১৯৭২ এর সংবিধানের মূল চেতনার আলোকে সংবিধান সংশোধনের পক্ষে মত জানিয়েছে বলেও জানান ফোরামের ভাইস চেয়ারম্যান সেক্টর কমান্ডার কেএম সফিউল্লাহ। সংসদ ভবনে সকাল সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত ফোরামের সঙ্গে বৈঠক করে সংবিধান সংশোধন কমিটি। সফিউল্লাহ সাংবাদিকদের বলেন, তারা সংবিধান থেকে বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার সুপারিশও করেছেন। "দ্বিজাতিতত্ত্ব প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি। ধর্মীয় ভিত্তিতে দেশ স্বাধীন হলে দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ না হয়ে ইসলামী প্রজাতন্ত্র হতো", বলেন মুক্তিযুদ্ধের এ সমর নায়ক। বৈঠকে ফোরামের সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এর চেয়ারম্যান, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার। দলে সফিউল্লাহ ছাড়াও ছিলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী, ফোরামের সদস্য সচিব হারুণ-অর রশীদ, সামসুল আলম, আনোয়ারুল আলম, নূর আলম ও নুরুল আনোয়ার। মূলত ফোরামের আগ্রহেই সংবিধান সংশোধনের বিষয়ে তাদের মতামত শুনছে সংসদীয় কমিটি। ফোরামের সঙ্গে বৈঠকের পর সংসদীয় কমিটি সংবিধানের কয়েকটি সংশোধনী বাতিল সংক্রান্ত আদালতের রায় পর্যবেক্ষণে বসে। গত বছর ২১ জুলাই সংসদ উপনেতা সাজেদাকে প্রধান করে সংবিধান সংশোধনে ১৫ সদস্যের বিশেষ কমিটির গঠন করা হয়। সংসদের চলতি অধিবেশনেই কমিটির প্রতিবেদন উপস্থাপনের কথা রয়েছে। বৈঠকের পর সংসদীয় কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, কমিটি একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। তা প্রতিটি সদস্যের কাছে দেওয়া হয়েছে। খসড়া প্রতিবেদন নিয়ে শনিবার কমিটি আবার বৈঠকে বসবে জানিয়ে তিনি বলেন, সংসদে উপস্থাপনের আগে তা নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে আলোচনা করবেন তারা। এ পর্যন্ত কমিটি সংসদে প্রতিনিধিত্বকারী দল, সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, জ্যেষ্ঠ আইনজীবী, বিশিষ্টজন, সম্পাদকদের মতামত নিয়েছে। এর বাইরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লিখিত মতামত তুলে ধরে। তবে প্রধান বিরোধী দল কমিটির ডাকে সাড়া দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫০০ ঘ.