ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসন মন্ত্রণালয় অনলাইন ফাইল ট্র্যাকিং (অনলাইনে চিঠি-নথিপত্র অনুসন্ধান) পদ্ধতি চালু করতে যাচ্ছে আগামী ১ জুন।
বুধবার মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এই প্রথম কোনো মন্ত্রণালয় এ পদ্ধতি চালু করতে যাচ্ছে।
তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পদ্ধতি চালু হলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চিঠি ও নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমে আসবে। একইসঙ্গে প্রশাসনে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়বে।
নতুন এ পদ্ধতি চালু হলে প্রতিটি চিঠি বা নথি আদান-প্রদানের ক্ষেত্রে প্রেরণকারী বা গ্রহণকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে তা অনলাইনে রেকর্ড করবেন। এক্ষেত্রে নথির প্রাথমিক স্মারক নম্বরটি রেকর্ড করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোকপ্রশাসন কম্পিউটার কেন্দ্রের (পিএসিসি) নিজস্ব সার্ভারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা তার পাঠানো নথিটির অবস্থান জানতে পারবেন। এজন্য ওই কর্মকর্তাকে নিজস্ব কোড বা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
ফলে পাঠানো নথির ফিরে আসা বা এর অবস্থান জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।
তবে কোনো সাধারণ নাগরিক এ পদ্ধতিতে নথির অবস্থান জানতে পারবেন না বলে জানান এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/১৯৫১ ঘ.
bdnews24