ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বাগেরহাটের রামপাল উপজেলায় প্রাইভেট কার ও নসিমনের সংঘর্ষে নিহত হন দু'জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা সেতুর কাছে বুধবার সকালে ট্রাকচাপায় নিহত হন মাছ ব্যবসায়ী কৃষ্ণলাল হালদার (৬০)। তিনি চান্দাইকোনা হালদারপাড়ার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন নবী জানান, সকাল ৬টার দিকে বগুড়া-নগরবাড়ী সড়কের চান্দাইকোনা সেতুর কাছে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক কৃষ্ণলালকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জনতা ট্রাকটি আটক করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
বাগেরহাট প্রতিনিধি জানান, রামপাল উপজেলার খুলনা-মংলা মহাসড়কের টেংরামারি এলাকায় মঙ্গলবার প্রাইভেট কার ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন- লাকি বেগম (৩০) ও প্রশান্ত তরফদার (৫০)।
আহত অবস্থায় লাকি বেগমের ছেলে হাসান শেখকে (৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা মংলা উপজেলার দু'আনির কুল গ্রামের বাসিন্দা।
মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টেংরামারি এলাকায় রাত ৯টার দিকে রামপাল থেকে মংলাগামী নসিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী প্রশান্ত এবং হাসপাতালে আনার পথে লাকি বেগম মারা যান।
বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নসিমন ও প্রাইভেট কারটি আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমইউএস/ডিডি/১৭৪২ ঘ.
bdnews24